
মোঃ মিজবাহ উদ্দীন ইবাদ: চকরিয়ার কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস, দক্ষ ও পেশাদার কর্মকর্তা এবং সেনাসদরের পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিজিবিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ১৭তম সমাবর্তনে ওসমানী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণও উপস্থিত ছিলেন।
মিরপুর সেনানিবাসে অবস্থিত MIST-এর ১৭তম সমাবর্তনে ২০০৩ সালের কৃতী শিক্ষার্থী হিসেবে সর্বোচ্চ CGPA অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে ওসমানী স্বর্ণপদকে সম্মানিত করা হয়। তাঁর এই অসামান্য অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং চকরিয়ার মানুষের জন্যও গর্ব ও আনন্দের এক অনন্য উপলক্ষ।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম ১৯৯৫ সালের ১৬ জুন ৩২তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। এরপর দীর্ঘ সামরিক জীবনে কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করে আসছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গঠিত ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও সেনাসদরের সামরিক সচিবের শাখায় উপসহকারী সামরিক সচিব, বিজিবি সদরদপ্তরে অতিরিক্ত সচিব, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ARTDOC)-এ জিএসও-১, MIST-এর কর্নেল স্টাফ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি ডিভিশন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে তিনি দুই বছরেরও অধিক সময় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে MIST-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা ও জ্ঞানচর্চায় তাঁর অর্জনও অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে অধ্যয়ন করে তিনি পাঁচটি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর অর্জিত ডিগ্রিগুলোর মধ্যে রয়েছে এমএসসি ইঞ্জিনিয়ারিং (পরিবেশ), মিলিটারি স্টাডিজে এমএসসি, ব্যবসা প্রশাসনে এমবিএ, মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স এবং নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে এমফিল। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চতর শিক্ষা ও গবেষণায় তাঁর এই ধারাবাহিকতা নিঃসন্দেহে অনুকরণীয়।
২০২৫ সালে মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত কোর্সে ১৬টি দেশের ৯৬ জন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে প্রথম স্থান অর্জন করে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে সফলতা ও কৃতিত্বের সঙ্গে স্টাফ কোর্স সম্পন্ন করেন।
আন্তর্জাতিক পর্যায়েও তাঁর প্রশিক্ষণ ও অভিজ্ঞতার পরিধি বিস্তৃত। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অবস্থিত মেরিন কোর ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে কম্বাট ইঞ্জিনিয়ারিং অফিসার কোর্স এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ থেকে Advance Security Cooperation Course সম্পন্ন করেন। পাশাপাশি ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’-এর আওতায় ডেপুটেশনে প্রায় তিন বছর কুয়েতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সেনাসদরে পূর্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড, বায়তুশ শরফ রোডের বাসিন্দা আলহাজ্ব মাস্টার আহমদ কবির ও মরহুমা খালেদা খানমের একমাত্র পুত্র সন্তান। তাঁর পিতা চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে টানা ৩৪ বছর অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
একজন সাংবাদিকতার শিক্ষার্থী ও সংবাদচর্চার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে সমাজের এমন কৃতী মানুষদের অর্জন তুলে ধরা শুধু আনন্দের নয়, বরং এটি আমাদের স্থানীয় ইতিহাস, গৌরব ও অনুপ্রেরণার অংশ। অন্যদিকে আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে তাঁর দীর্ঘ অধ্যবসায়, শৃঙ্খলা, জ্ঞান অর্জনের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীল নেতৃত্ব ও পেশাগত সততা থেকে আমাদের মতো তরুণদের শেখার অনেক কিছু রয়েছে। নিজ নিজ পেশায় দক্ষতা, নৈতিকতা ও নিষ্ঠার সমন্বয়ই একজন মানুষকে সম্মান ও সাফল্যের উচ্চতায় পৌঁছে দেয়।
চকরিয়ার মাটি ও মানুষের এই গর্বিত অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। তাঁর এই গৌরবময় সাফল্যে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে “দৈনিক মেহেদী” পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সম্মান।
চকরিয়ার গর্ব, দেশের গর্ব।
