নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, অপরাধী যে-ই হোক, তাঁকে শাস্তি পেতে হবে। অপরাধীর কোনো দল নেই, অপরাধীর পরিচয় শুধু অপরাধী হিসেবেই হওয়া উচিত।

বুধবার (২৫ মার্চ) কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকা নিহত জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলমের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেছেন। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি কাজল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধীর কোন দল নেই। অপরাধীর একটি পরিচয়, তারা অপরাধী। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসেছি, বেশিদিন হয়নি, এই অল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সামনের দিনগুলোতে কক্সবাজার শহরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, বুধবার সকালে খোরশেদ আলম হত্যার ঘটনায় অভিযুক্ত তারেক নামের একজনকে চকরিয়ার খুটাখালি থেকে আটক করা হয়েছে। এছাড়া নিহত খোরশেদ আলমের সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন।

নিহত খোরশেদ আলম শহরের ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *