আজ থেকে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক কাজ করবেন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনকল্পে কক্সবাজার পৌরসভার চলমান ড্রেন পরিস্কারের কর্মসূচি পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় সরেজমিনে ৮নং ওয়ার্ড বৌদ্ধ মন্দির সড়কের ড্রেইন পরিষ্কার কার্যক্রম দেখতে গিয়ে উপস্থিত সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি শহরবাসীকেও সচেতন হয়ে নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এমপি কাজল বলেন, নিয়মিত ড্রেন ও নর্দমা পরিষ্কার করা মশার উপদ্রব কমানোর সবচেয়ে কার্যকর উপায়, কারণ জমে থাকা নোংরা পানি মশার প্রজনন কেন্দ্র। ড্রেন পরিষ্কার রাখলে মশার বংশবৃদ্ধি রোধ করা যায় এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নান্দনিক কক্সবাজার গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় ড্রেন পরিস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকটি ভাসমান দোকান অপসারণ করা হয়েছে। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, পরিচ্ছন্নতা শাখার পরিদর্শক কবির হোছাইন ও সুপারভাইজারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, তারাবনিয়ারছড়া পাহাড়ি এলাকা হওয়াতে বিভিন্ন অংশে পলিমাটি দ্বারা ভরাট হয়ে গেছে। এছাড়া, যত্রতত্র ময়লা, অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে, ২০ ফিট ছড়ার অধিকাংশ ভরাট হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন প্রকল্পের ঠিকাদার নিয়োগের পূর্বে শুক্রবার থেকে পৌরসভার ১টি স্কেভেটর ও ২টি ট্রাক নিয়মিত কাজ করবেন এই খালটি খননের জন্য।

এর আগে শনিবার (১৪ মার্চ) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবনিয়ার ছড়া পয়:নিশ্বাসনের বড় ড্রেনটি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন সাংসদ লুৎফুর রহমান কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *