চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়তুশ শরফ রোড এলাকার মিয়াজি পাড়ার বাসিন্দা তরুণ ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম ফরিদকে অপহরণের ২৪ ঘণ্টা পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে মহাসড়কের ধারে বস্তাবন্দি অবস্থায় তাঁকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ফরিদুল ইসলাম ফরিদকে অপহরণ করা হয়। পরে আজ সন্ধ্যায় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। উদ্ধারকালে তিনি গুরুতর আহত ও অচেতন ছিলেন।

ফরিদকে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক জ্ঞান ফিরে না আসায় রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “অপহরণের ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ ঘটনায় কঠোর নির্দেশনা দিয়েছেন—জড়িত কেউ যেন ছাড় না পায়।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফরিদুল ইসলাম ফরিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *